প্রকাশিত: Thu, Apr 27, 2023 2:04 PM
আপডেট: Fri, Mar 13, 2026 12:30 AM

ওপার বাংলার ঋতুপর্ণ ঘোষের ‘ঘোষ অ্যান্ড কোং’ এর মতো টক শো আমরা করতে পারিনি

শারফিন শাহ : বেশ প্রভাবশালী টেলিভিশনের এক টক শোতে আমাকে ‘জনসংস্কৃতি ও সমাজ’ বিষয়ে কথা বলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আমি মোটা অঙ্ক সম্মানি দাবি করার পর ভদ্রলোক বললেন, দেখুন, আমরা চাইলে বিনামূল্যে অনেককে নিতে পারতাম, কিন্তু আপনার এ বিষয়ে জানাশোনা আছে বলেই প্রস্তাব দেওয়া। আমি বললাম, প্রথমত আমার জানাশোনা খুব বেশি নয়, আর যতটুকু জেনেছি তা কাজে লাগানোই আমার ব্রত। এজন্য খরচাপাতি আছে। বর্তমান বাজারে এই পরিমাণ সম্মানি খুবই অল্প। তাছাড়া, আপনারা তো বেশ আয়-রোজগার করা চ্যানেল। ভদ্রলোক বললেন, আচ্ছা, পরে জানাবো। 

আদতে টেলিভিশন টকশোয় আমার কথা বলার ইচ্ছে নেই বলেই এতো মোটা অঙ্ক চাওয়া। কারণ গত পনেরো দিন আগে এক টকশোর ভিডিও ক্লিপ দেখে চমকে উঠেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস আর সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস এমন ঝগড়া লাগলেন যে, কেহ নাহি কাহারে ছাড়ে। পুরোপুরি মারমুখী প্রবণতা। আলাপের বিষয় ছিলো, ওই জনসংস্কৃতি। মূল বিষয়ে না গিয়ে সম্পূর্ণভাবে একজন আরেকজনের উপর রেগে গেলেন। মনে হলো, এটা কি টক শো না কক শো! 

আমাদের টকশোতে উপস্থাপক, অতিথি সবাই নব্বইয়ের দশকের বাংলা ছবির লাউড এক্টরদের মতো। এইরকম এক্টর হওয়ার সাধ এখন পর্যন্ত আমার তৈরি হয়নি। তাই, টক শো থেকে বিরত হলাম। তবে এককভাবে কোনো অনুষ্ঠানে ডাকলে অবশ্যই যাবো। আমাদের টকশোগুলো অধিকাংশই রাজনৈতিক, নান্দনিক নয়। ওপার বাংলার ঋতুপর্ণ ঘোষের ‘ঘোষ অ্যান্ড কোং’র মতো টক শো আমরা করতে পারিনি। আসাদুজ্জামান নূর ‘বেলা অবেলা সারাবেলা’তে কিছু নতুনত্ব যোগের চেষ্টা করেছেন, এছাড়া বেশির ভাগই মানহীন ও অসাড়। লেখক: গবেষক ও প্রাবন্ধিক